ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৪৪৬ কোটি টাকা ব্যয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে। ডেনমার্কের একটি প্রতিষ্ঠানকে এর কার্যাদেশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ওই সভায় মোট সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিমানবন্দর উন্নয়ন ও আধুনিকায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪৫ কোটি ৯২ লাখ টাকা। ডেনমার্কের মাঙ্ক অ্যাসফাল্ট নামে একটি প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করবে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম এ তথ্য জানান।
অনুমোদন পাওয়া অন্য প্রস্তাবের মধ্যে খাদ্য বিভাগের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম কেনার কাজ পেয়েছে মেসার্স এম সন্স ইন্টারন্যাশনাল নামে দেশীয় একটি প্রতিষ্ঠান গম কেনার কাজ পেয়েছে। এতে প্রতি টন গম কিনতে ব্যয় হবে ২৭৩ দশমিক ৭৩ ডলার। এজন্য মোট ব্যয় হবে ১১২ কোটি ৬৩ লাখ টাকা।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মাওয়া ও জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডের মাটি ভরাট করার কাজে ব্যয় বেড়েছে ১৪ কোটি ২০ লাখ। আগে এ কাজের জন্য ৬০ কোটি টাকা ব্যয়ের দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
ক্রয় কমিটিতে বুধবার অতিরিক্ত ব্যয়সহ দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের পাঁটুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা সেকশন পুনর্বাসন ও নির্মাণ কাজের ব্যয় ১৬ কোটি ৭৪ লাখ টাকা বাড়িয়ে ১২৮ কোটি ৪৪ লাখ টাকা করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘টেকনিক্যাল অ্যাসিসটেন্স ফর সাবরিজিওনাল রোড ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ শীর্ষক প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
এ কাজ পেয়েছে যৌথভাবে পরামর্শক প্রতিষ্ঠান এসএমইসি ইন্টারন্যাশনাল, দক্ষিণ কোরিয়ার পিইসি ও এইই কনসালটেশন। এতে ব্যয় হবে ৪০ কোটি ৭৫ লাখ টাকা।
এর বাইরে জাইকার অর্থায়নে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্র“ভমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকা জোনে ২০৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগ ও খুলনার পানি সরবরাহ প্রকল্পে নকশা ও তদারকি কাজের পরামর্শক নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৪ ঘ.
bdnews24