২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবনের ঘটনায় আরেক মামলা

সড়ক ভবনে দরপত্র ছিনতাই ও হামলার অভিযোগে সেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৬ কর্মীকে আসামি করে মামলা করেছেন আরেক ঠিকাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবনে দরপত্র ছিনতাই ও হামলার অভিযোগে সেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৬ কর্মীকে আসামি করে মামলা করেছেন আরেক ঠিকাদার। বুধবার সকালে মামলা দায়েরের পর দুপুরে মহানগর হাকিম মাহবুবুর রহমান বাদির জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ের মঈন এন্টারপ্রাইজের ঠিকাদার মো. মঈন উদ্দিন সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ফরিদ আহমেদ ওরফে ধলা সেন্টু, শামীম শাহরিয়ার, হুমায়ুন কবির টুটুল, মতিউর রহমান ঝুমু, ইকবাল হোসেন ও মো. খোকন। বাদির আইনজীবী মাহবুব হাসান রানা জানান, আসামিরা সেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মী। মামলায় অভিযোগ করা হয়, বাদির প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ১২ জুন সড়ক ভবনে দরপত্র কিনতে আসেন। আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে এবং দরপত্র কেনার সাড়ে ১০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল ছিনিয়ে নেয়। আহতরা পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেয়। সড়ক ভবনে দরপত্র পেতে আধিপত্য বিস্তারের জেরে ১২ জুন বিকালে ক্ষমতাসীন দলের সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন গোলাম আযম মামুন নামের এক ঠিকাদার। ঘটনার কারণ অনুসন্ধানে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলীকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করে যোগাযোগ মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৫১৭ ঘ.