গাইবান্ধা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের উপর হামলাকরীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবারও কর্মবিরতি পালিত হয়েছে।
চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা দ্বিতীয় দিন কর্মবিরতি ছাড়াও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং রংপুর-ঢাকা মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করেন।
কর্মসূচি চলাকালে জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা বন্ধ থাকে। এতে হাসপাতালে আসা রোগীরা দুর্ভোগে পড়ে।
গত ১১ জুন স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর স্বজনরা আবাসিক চিকিৎসক ও বিএমএর জেলা সাধারণ সম্পাদক ডা. শাহজাহান আলী সরকারের উপর হামলা চালায়।
বেলা ১১টার দিকে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জলিল সরকার, মেডিকেল অফিসার ডা. সুলতান আহমেদ, ডা. হাবিবুর রহমান, হাসপাতাল কর্মচারী ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ডা. শাহজাহান আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বিশুবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম মারধরে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ১১ জুন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই রাতেই তার স্বজনদের সঙ্গে ব্যবস্থাপত্র নিয়ে তার (ডা. শাহজাহান আলী সরকার) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শাহজাহানকে মারধর করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আকতারুজ্জামান বলেন, এ ঘটনায় ছয় জনকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24