২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলীমের জামিন বাতিলের আবেদন জানানো হবে’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি’র সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জামিন বাতিলের আবেদন জানাবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

জয়পুরহাট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি’র সাবেক মন্ত্রী আব্দুল আলীমের জামিন বাতিলের আবেদন জানাবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। মঙ্গলবার জয়পুরহাটে তদন্ত দলের কর্মকর্তারা জানান, যেসব শর্তে ট্রাইব্যুনাল আলীমকে জামিন দিয়েছিল তা ভঙ্গ করে তিনি পরোক্ষভাবে সাক্ষীদের প্রলুব্ধ ও ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে তদন্ত দলের কাছে অভিযোগ রয়েছে। এ কারণেই আলীমের জামিন বাতিলের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হবে বলে জানান তারা। গত ১১ জুন আলীমের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে। তিনিই একমাত্র অপরাধী যাকে ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। একাত্তরে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় অভিযোগ আনা হয় এই বিএনপি নেতা বিরুদ্ধে। আগামী ৯ জুলাই থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য নেবে আদালত। তারই প্রাকপ্রস্তুতি হিসেবে সোমবার জয়পুরহাট আসেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই তদন্ত দল। আরো দুদিন তারা তদন্ত কাজ চালাবেন। বিকালে সার্কিট হাউজে দলের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে এসব কথা জানান। এসময় প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান খান, সদস্য রানা দাসগুপ্ত ও জেড এম আলতাফুর রহমান উপস্থিত ছিলেন। তবে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা মামলার গোপনীয়তার স্বার্থে তাদের সফরের বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ২৭ মার্চ জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে তার জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ অশীতিপর এই ব্যক্তিকে এক লাখ টাকা মুচলেকায় ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় শর্ত সাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২১ ঘ.