জামালপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ১৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা ছুই ছুই করছে।
এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার তীব্র ঘূর্ণিস্্েরাতে ভাঙন শুরু হয়েছে। সোমবার রাতে যমুনার ভাঙনে ইসলামপুরের শশারিয়াবাড়ি এলাকার পাউবো’র জিও ব্যাগ ডাম্পিং এর তিনশ’ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। ৭টি বসত বাড়িও নদীতে বিলীন হয়েছে।
তীব্র ঘূর্ণিস্্েরাতে নদী ভাঙন অব্যাহত থাকায় প্রায় দুই শতাধিক পরিবার মঙ্গলবার তাদের বাড়ি-ঘর ভেঙে খোলা আকাশের নিচে বিভিন্ন সড়কবাঁধে আশ্রয় নিয়েছে।
পাথর্শী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলী ও স্থানীয় লোকজনের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঠিকাদার যথাযথভাবে ডাম্পিং না করে ব্যাপক অনিয়ম করায় শশারিয়াবাড়ি এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন প্রতিরোধের নামে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা লুটপাট করছে।
তীব্র ভাঙনের খবর পেয়ে ইসলামপুরের উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোছাইন আকন্দ মঙ্গলবার সকালে শশারিয়াবাড়ি পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্ত লোকজনের তোপের মুখে পড়েন। তিনি সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
নদী ভাঙন কবলিত লোকজন অভিযোগ করেছেন, ইসলামপুর উপজেলা চেয়ারম্যানও নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ডাম্পিং কাজের বস্তাপ্রতি ২ টাকা করে নিচ্ছেন ঠিকাদারের কাছ থেকে। তবে স্থানীয় লোকজনের এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মন্ডলও অভিযোগ করেন, শশারিয়াবাড়ি এলাকায় নিম্মমানের কাজ হয়েছে।
তবে যমুনায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং-এ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূইয়া।
তিনি জানান, যমুনার ভাঙন প্রতিরোধে সেখানে জরুরিভিত্তিতে পুনরায় ব্যাপক ডাম্পিং শুরু করা হবে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে সরিষাবাড়ির পিংনা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যমুনায় বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১০ সালে। এ প্রকল্পের প্রথম কাজ হচ্ছে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং। পরবর্তীতে সিসি ব্লক দিয়ে পাইলিং করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয় ৪১৭ কোটি টাকা। চলতি ২০১২ সালে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা।
ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৪৮ ঘ.
bdnews24