ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি জাহেদুল ইসলাম সৌরভ ও মীর হোসেনের জামিন আবেদন আবার নাকচ করেছে আদালত।
জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সহিদুল ইসলাম তা নাকচ করেন।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার অন্য আসামি ইলিয়াস সুমন মুখ্য মহানগর হাকিমের আদালতের জামিন নাকচের আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছে।
আগামী ২৮ জুন তার আবেদনে শুনানি হবে বলে জানান তিনি।
এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি কারাগারে রয়েছেন। অন্য দুজন হলেন ইমরান মোল্লা ও ইয়াকুব আলী।
গত ২৮ মে রাতে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে সংবাদকর্মীদের ওপর হামলা হয়।
সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত হন সহ সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত, প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম ও অফিস সহকারী রুহুল আমিন।
ঘটনার পরদিন মহাখালী এলাকা থেকে সৌরভ, সুমন ও মীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইমরান ও ইয়াকুবকে সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৯১৬ ঘ.
bdnews24