২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই বিএনপি নেতা কারাগারে

চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত এরা হলেন-উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন। হোসেন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চেয়ারম্যান। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক মনসুর আলীর আদালতে হাজির হয়ে দুই বিএনপি নেতা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আসামিদের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবু আহমেদ হাসনাত ও মোহাম্মদ হোসেন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে পরিচিত। গত ১৩ মে ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে সমাবেশ চলাকালে কাজীর দেউরী মোড় ও নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বাদি হয়ে সেদিন রাতেই দ্রুত বিচার আইনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটিসহ কোতোয়ালি ও খুলশী থানায় মোট ছয়টি মামলা করে। গত ২৩ মে খুলশীর একটি ও কোতোয়ালি থানার দুটিসহ মোট তিনটি দ্রুত বিচার মামলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত ৫ জুন আদালত অভিযোগপত্র তিনটি গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় জামিনে আছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। কোতোয়ালি থানার অপর একটি মামলায় জামিন বাতিল হয়ে কারাগারে রয়েছেন নগর জামায়াতের আমীর ও সাতকানিয়ার সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮১৯ ঘ.