২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অসন্তোষ শনিবারের মধ্যে সমাধানের আশা সরকারের

গার্মেন্ট মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান আশা প্রকাশ করেছেন, আগামী শনিবারের মধ্যে তৈরি পোশাক খাতের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্ট মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান আশা প্রকাশ করেছেন, আগামী শনিবারের মধ্যে তৈরি পোশাক খাতের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। আশুলিয়া পরিস্থিতি নিয়ে গঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি’ মঙ্গলবার সচিবালয়ে পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আজ আমরা মালিক পক্ষের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। কাল (বুধবার) গার্মেন্ট শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসব। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” “শনিবারের মধ্যে একটি সন্তোষজনক সমাধান সম্ভব হবে বলে আমরা আশাবাদী”, বলেন তিনি। একইসঙ্গে মালিকপক্ষকে কারখানা খুলে দেওয়ার এবং শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত ১১ জুলাই থেকে টানা অস্থিরতা চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন। সরকার কারখানা মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালেও অস্থিরতা চলতে থাকে। শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাত চললে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারের হিসাব অনুযায়ী, দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৫০ ঘ.