আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব নেওয়ার সাড়ে তিনবছর পর ১৫টি পুরানো বিদ্যুৎ কেন্দ্রের ২৬টি ইউনিট সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ঠিক থাকলে এসব ইউনিট থেকে এক হাজার ৬০৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করছি।”
তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকার আরো আগে ১৫ থেকে ২৫ বছরের পুরনো এসব ইউনিটের সংস্কার শুরু করলে এখন বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা অনেক কম হতো।
এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে গিয়ে পিডিবি চেয়ারম্যান বলেন, “এখন সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় সংস্কার কার্যক্রম শুরু করছি। ইতোমধ্যে একটি ইউনিটের সংস্কার শুরু হয়েছে। বাকিগুলোর কাজও চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয়ে ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।”
যেসব ইউনিটের সংস্কার হচ্ছে
গ্যাসনির্ভর ঘোড়াশাল স্টিম টারবাইন কেন্দ্রের ৫৫ মেগাওয়াটের ২ নম্বর, ২১০ মেগাওয়াট করে ৩, ৪, ৫ নম্বর ইউনিট, হরিপুর গ্যাস টারবাইনের ৩২ মেগাওয়াট করে ১, ২, ৩ নম্বর ইউনিট, চট্টগ্রাম (রাউজান) স্টিম টারবাইনের ২১০ মেগাওয়াটের ২ নম্বর ইউনিট, শিকলবাহা স্টিম টারবাইনের ৬০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট, ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন-১ এর ৩২ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট, ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন-২ এর ৩২ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট, ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল স্টিম টারবাইনের ৩৩ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট, সিলেট গ্যাস টারবাইনের ২০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট এবং বাঘাবাড়ি গ্যাস টারবাইনের ৭১ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট।
এছাড়া ফার্নেস অয়েল নির্ভর খুলনা স্টিম টারবাইনের ৬০ ও ১১০ মেগাওয়াটের ১ ও ২ নম্বর ইউনিট এবং ডিজেলনির্ভর বরিশাল গ্যাস টারবাইনের ২০ মেগাওয়াট করে ১, ২ নম্বর ইউনিট, ভেড়ামারা গ্যাস টারবাইনের ২০ মেগাওয়াটের ১, ২, ৩ নম্বর ইউনিট, রংপুর গ্যাস টারবাইনের ২০ মেগাওয়াট ১ নম্বর ইউনিট এবং সৈয়দপুর গ্যাস টারবাইনের ২০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট।
কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ৪০ মেগাওয়াটের ১, ২ নম্বর এবং ৫০ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটও সংস্কার করা হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এসব ইউনিট সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারা ব্যস্ত ছিল রেন্টাল-কুইক রেন্টাল আর নতুন কেন্দ্র নির্মাণ নিয়ে। এ খাত যে ভুল পরিকল্পনা নিয়ে চলেছে, এটি তারই প্রমাণ।”
তখন থেকেই একটি দুটি করে ইউনিটের সংস্কার শুরু করলে এখন লোড-শেডিং অনেক কম হতো বলে মনে করেন তিনি।
অবশ্য বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক খান রোববার জাতীয় সংসদে যে হিসাব দিয়েছেন,
তাতে দেখা যাচ্ছে, দেশে এখন প্রতিদিন ১ হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে, যা গত বছরের চেয়ে ১ হাজার মেগাওয়াট কম।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন বলছেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের জন্য শুধু পুরনো কেন্দ্রগুলো সংস্কার করলেই হবে না, চালু অন্য কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণও নিয়মিত করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিয়মিত রক্ষণাবেক্ষণ আর তদারকির অভাবে অনেক কেন্দ্রের দক্ষতা ধীরে ধীরে কমে যাচ্ছে।”
জাতীয় সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ৬ হাজার ৬০০ মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১০০৩ ঘ.
bdnews24