২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া এমপিও বাতিল করে মামলায় জর্জরিত শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষামন্ত্রী সংসদে বলেছেন, ভুয়া এমপিওভুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় হাই কোর্টে আট হাজার মামলা বিচারাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মামলায় জর্জরিত হওয়ার কথা সংসদে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার তিনি বলেছেন, ভুয়া এমপিওভুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় হাই কোর্টে আট হাজার মামলা বিচারাধীন। শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তি নিয়ে অনেক অনিয়ম হয়। এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে এক জন ছাত্র আর আট জন শিক্ষক। “সে কারণে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিল করেছি। আর এই কারণে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে হাই কোর্টে আট হাজার মামলা বিচারাধীন আছে।” এমপিওভুক্তির জন্য বাজেটে আলাদা বরাদ্দ দাবি করে নাহিদ বলেন, “শিক্ষা খাতে মোট বাজেটের সাড়ে ৫ হাজার কোটি টাকাই চলে যায় এমপিওভুক্তিতে। এমপিওভুক্তি খাতেই বাজেটের প্রায় সব টাকা শেষ হয়ে যায়। সে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার মান উন্নয়নে টাকা খরচ করার সুযোগ থাকে না।” নতুন শিক্ষানীতি শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে দাবি করে তিনি বলেন, বিরোধী দলসহ সব মহলের পরামর্শ নিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে এসেছে। সব পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে। ৬০ দিনের মধ্যেই এসএসসি ও এইচএসসির ফলাফল প্রকাশ করা হচ্ছে। “বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এখন আর এক বছর নষ্ট হয় না। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হারও অনেক কমে এসেছে,” বলেন নাহিদ। সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীরা এখন আর পরীক্ষা দিতে ভয় না। পরীক্ষা মানেই এখন উৎসব। “আমরা এমন শিক্ষা পদ্ধতি চালু করেছি যাতে নকল করে, নোট বই পড়ে পাস করার সুযোগ নেই,” যোগ করেন তিনি। ভর্তি ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বাজেট আলোচনা প্রস্তাবিত বাজেটের ওপর অংশ নিয়ে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী বলেন, “আমাদের প্রয়াস থেকে প্রাপ্তির পরিমাণ কম নয়। আমাদের সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ হয়েছে।” “দারিদ্র বিমোচন হ্রাস করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে,” বলেন তিনি। বিরোধীদলীয় নেতা ‘গণতন্ত্র নয়, আলটিমেটামতন্ত্রে বিশ্বাস করে’ মন্তব্য করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “বেগম জিয়া বাজেটের পর সংসদে এসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারতেন। কিন্তু, তিনি তা না করে হোটেলে বাজেট ভাবনা দিলেন।” মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক মোবাইল বিলে প্রস্তাবিত কর হ্রাসের আহবান জানান। পাশাপাশি রপ্তানিতে উৎসে কর কাটার হার কমানোর সুপারিশও করেন তিনি। সরকারদলীয় সদস্য এ বি এম ফজলে রাব্বী মিয়া বলেন, “জ্বালানি তেলের দাম সংসদে আলোচনার মাধ্যমে বাড়ালে ভালো হয়। এতে সমালোচনা কম হবে।সংসদে আলোচনা করে দাম বাড়ালে দোষ কী?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউএম/এমআই/২২০০ ঘ.