সাভার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের সময় সংঘর্ষ, ভাংচুরের ঘটনায় এক বিএনপি নেতাসহ ‘কয়েকশ’ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান শনিবার গভীর রাতে এ মামলা করেন।
তিনি বলেন, “আসামিদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।”
এজাহারে ১১জনের নাম উল্লেখসহ কয়েকশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ওই ১১ জনই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
মামলার ১ নম্বর আসামি করা হয়েছে আশুলিয়ার জামগড়ার আনোয়ার সিএনজি স্টেশনের মালিক ও পিয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিএনপি নেতা আনোয়ার হোসেনকে।
এদিকে আনোয়ার সিএনজি স্টেশনের ব্যবস্থাপক আবুল কাশেম অভিযোগ করেন, রোববার সকাল ৯টার দিকে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামালের নেতৃত্বে ১০/১৫ জন পুলিশ সিএনজি স্টেশনের অফিস কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মারধর করে।
এ কারণে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলেও তিনি দাবি করেন।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে টানা অস্থিরতা চলছে আশুলিয়া শিল্পাঞ্চলে। কেবল শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন।
সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও অস্থিরতা থামেনি।
শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাতের পর আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। পাশাপাশি সারাদেশের পোশাক কারখানা বন্ধেরও হুমকি দেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৬২০ ঘ.
bdnews24