২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অপহরণ, গাজীপুরে উদ্ধার

জামালপুর থেকে অপহরণের পাঁচদিন পর এক যুবককে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাজীপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর থেকে অপহরণের পাঁচদিন পর এক যুবককে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গাজীপুর সদরের দক্ষিণ খাইলকুর পলাগাছ এলাকার একটি বাড়ি থেকে মজনুকে অচেতন উদ্ধার করা হয়। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিকশাচালক মজনু জামালপুরের ইসলামপুর উপজেলার ধর্মকুড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। গ্রেপ্তার দু’জন হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দ্রপুরী গ্রামের মো. রুবেল (২৮) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রহমপুর গ্রামের মো. সেলিম (৩৪)। জয়বেপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বলেন, মঙ্গলবার (১২ জুন) মজনু বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা মজনুর মায়ের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তার স্বজনরা ১০ হাজার টাকা দিতে রাজি হয় এবং বিকাশের মাধ্যমে দু’দফায় সাত হাজার টাকা রুবেলের কাছে পাঠায়। পরে আবারো টাকা উত্তলনের জন্য গাজীপুর সদরের সাইনবোর্ড ভুষির মিল এলাকায় বিকাশ কেন্দ্র এলে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ খাইলকুর পলাগাছ এলাকার একটি বাড়ি থেকে সেলিমকে গ্রেপ্তার এবং মজনুকে উদ্ধার করা হয়। জামালপুরের ইসলামপুর থানার উপ-পরিদর্শক মো. শাহীন বলেন, মজুনর বাবা আব্দুল খালেক বাদী হয়ে রোববার সকালে ইসলামপুর থানায় একটি মামলা (নম্বর ২৬) দায়ের করেছেন। অপহরণকারীসহ মজনুকে জামালপুর আনতে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.