চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক ছুটিতে থাকায় বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি।
রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হোসনে আরা বেগমের আদালতে এ মামলার বাদি বিমল শীলের সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার কথা ছিল।
কিন্তু হোসনে আরা ছূটিতে থাকায় ওই আদালতের দায়িত্বে থাকা পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আগামী ২৭ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলার সাক্ষীদের আদালতে হাজির করা হলেও বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক নতুন দিন দিয়েছেন।
ওই দিন মামলার বাদি বিমল শীল সাক্ষী হিসেবে তার অসমাপ্ত বক্তব্য শেষ করবেন বলে জানান তিনি।
এর আগে গত ৩ জুন বিমল শীল তৃতীয়দিনের মতো সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এছাড়া ২৩ ও ১৫ মে সাক্ষী দিয়েছিলেন তিনি।
চাঞ্চল্যকর এ ঘটনার ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।
তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি।
আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন।
এরপর ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24