চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই দিনের প্রবল বর্ষণে নগরীর নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীতে ১৬৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও অব্যাহত রয়েছে।
শনিবার ভোর ও সকালের ভারী বর্ষণে নগরীর কাপাসগোলা, বাদুরতলা, কাতালগঞ্জ, মেহেদীবাগ, প্রবর্তক মোড়, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, পাঁচলাইশ মুরাদপুর, বাকলিয়া, সিডিএ আবাসিক এলাকা, কমার্স কলেজ রোড, মোগলটুলীসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, দোকান ও ঘরবাড়িতেও পানি ঢুকেছে। সড়ক হাঁটু থেকে কোমর সমান পানির নিচে।
শুক্রবার সন্ধ্যায় ভারী বর্ষণের কারণে ওইসব এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল বলে জানান এলাকার লোকজন।
মুরাদ পুরের ব্যবসায়ী আবুল কালাম বলেন, জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায়। জলাবদ্ধতার কারণে অনেক যানবাহন সড়কে আটকা পড়ে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সহকারী মো. আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় এই বর্ষণ হচ্ছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘন্টা কোথাও কোথাও হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়।
নৌ বন্দরগুলোর জন্য দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১৫৮ ঘ.
bdnews24