২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার দাবি সাংবাদিকদের

যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দীন হত্যাকা-ের প্রতিবাদে শনিবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:07 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

যশোর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দীন হত্যাকা-ের প্রতিবাদে শনিবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর এ কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২ টায় মিছিলটি প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের প্রাণকেন্দ্র্র দড়াটানায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা ও সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু প্রমুখ। সমাবেশ থেকে প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, অবিলম্বে সাংবাদিক জামালের খুনিদের গ্রেপ্তার করা না হলে যশোরের সাংবাদিকরা পরবর্তী কর্মসূচির মাধ্যেমে বৃহত্তর আন্দেলন ঘোষণা করতে বাধ্য হবে। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে গাড়িখানা হয়ে চিত্রা মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। দুটি ইউনিয়ন ছাড়াও বিক্ষোভ মিছিলে প্রেসক্লাব নেতৃবৃন্দ, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ যশোরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা সাংবাদিক জামাল উদ্দীনকে কুপিয়ে হত্যার পর একটি চোখ তুলে নেয়। জামাল বাজারের রবির চায়ের দোকানে বসে ছিলেন। তখন কয়েকজন সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে, হাত পায়ের রগ কেটে ও চোখ উপড়ে হত্যা করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা জামালকে শার্শার বুরুজবাগান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ছিলেন। ভারত সীমান্তবর্তী কাশীপুর গ্রামের এই বাসিন্দা শার্শা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। মাদক বিক্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জামালকে হুমকি দিয়ে আসছিল মাদক বিক্রেতারা। এ নিয়ে শার্শা থানায় কিছুদিন আগে কাশীপুরের তোতা, রাজু ও আজুসহ কয়েকজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন দাবি করেন, জিডির পর তোতা, রাজু, আজুসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। কবে জিডি করা হয় জানতে চাইলে ওসি বলেন, তিনি এই মুহূর্তে জিডির কপি খুঁজে পাচ্ছেন না। এ হত্যার ঘটনায় জামালের বাবা আব্দুল আলীম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১২০ ঘ.