২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোমাদের মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী

পড়াশোনায় আরো মনোযোগী হয়ে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:05 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গোপালগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পড়াশোনায় আরো মনোযোগী হয়ে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, “সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠা পেতে হবে। বিদেশে দেশের সম্মান বাড়াতে হবে। এ জন্য ভালভাবে পড়াশেনা করতে হবে।” সময়মতো বই বিতরণ, পরীক্ষা গ্রহণ ও ফল ঘোষণার ফলে দেশের শিক্ষার মান বেড়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, “আমাদের সরকার শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।” প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনারা ছেলে মেয়েদের প্রতি বিশেষ যতœবান হয়ে ভালভাবে পড়াবেন। ক্লাসে তাদের আনন্দের সঙ্গে শেখাবেন যাতে তারা প্রতিদিনের পড়া ক্লাসে বসেই তৈরি করতে পারে।” এ বছর টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে। এছাড়া ফলাফলের দিক থেকে স্কুলটি জেলায় প্রথম স্থান অধিকার করেছে। এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয় এই অনুষ্ঠানে। নিজের বাড়ির পাশের শিক্ষা প্রতিষ্ঠানের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে বঙ্গবন্ধু কন্যা এই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও স্কুল পরিচালনা পর্যদের সদস্যদের অভিনন্দন জানান। ফলাফলের এ ধারা অব্যাহত রেখে সবাইকে শিক্ষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শেখ কবির হোসেন এ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্যদ সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা ও দায়রা জজ কামালউজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। পরে লায়ন্স ঢাকা ডাউন টাউন ক্লাবের পক্ষ থেকে স্কুলের জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে ল্যাপটপ এবং এসএসসিতে কৃতকার্য ৪৩ শিক্ষার্থীকে নগদ টাকা দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মনানা ক্রেস্ট। এছাড়া গোপালগঞ্জ জেলা সমিতি টুঙ্গিপাড়ার শ্রেষ্ঠ নয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ল্যাপটপ দেয়। পরে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৩০ ঘ.