চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করাসহ কয়েকটি দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে নগরীর পরিচ্ছন্ন কাজে নিয়োজিত হরিজন স¤প্রদায়।
শনিবার সকালে এম মনজুর আলমের কাছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সভাপতি কৃষ্ণ লাল ও মহাসচিব নির্মল চন্দ্র দাশ স্বাক্ষরিত ওই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে চাকরি প্রদান ও স্থায়ীকরণ, মাতৃত্বকালীনসহ অন্যান্য ছুটি প্রদান, বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান, বিজিএফ, বিজিডি ইত্যাদিতে হরিজনদের অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকলিপি দেওয়ার পর হরিজন স¤প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মেয়র মঞ্জুর তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন।
বৈঠকে অন্যদের মধ্যে ঢাকার হরিজন নেতা রাজকুমার দাশ, শ্যামল দাশ, রাইজুলাল, প্রদীপ হেলা, চট্টগ্রামে হরিজন নেতা গুরুচরণ দাশ, জগদ্বীশ দাশ, বাদল চন্দ্র দাশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/এএল/১৭৫৭ ঘ.
bdnews24