ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে নগরাঞ্চলে পানি সরবরাহ চাপের মুখে রয়েছে জানিয়ে বৃষ্টির পানি ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
মন্ত্রী বলেন, “আমরা যদি বৃষ্টির পানি ধরে রাখি তাহলে আমরা ব্যবহারের জন্য আরো পানি পাব।”
বর্ষা মৌসুমের প্রথম দিন শুক্রবার রাজধানীতে বৃষ্টির পানি বিষয়ক একটি সম্মেলন উদ্বোধনকালে পানিসম্পদ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী পানির ঘাটতি মেটাতে বৃষ্টির পানিকে একটি সম্ভাবনা হিসেবে চিহ্নিত করেছেন এবং এটাকে জনপ্রিয় করতে পদক্ষেপ নেওয়ার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ওয়াটারএইড বাংলাদেশ আয়োজিত এ সম্মেলন চলাকালে শনিবার ও রোববার দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা বৃষ্টির পানির ব্যবহার জনপ্রিয় করতে একটি সাধারণ মঞ্চ গঠন করবেন।
অনুষ্ঠানে শ্রীলংকার পানি সরবরাহ ও নিষ্কাশন মন্ত্রী দিনেশ গুনবর্ধনে জানান, সে দেশের গ্রামাঞ্চলে পানির ঘাটতি মেটাতে বৃষ্টির পানি ধরে রাখতে ২০০৫ সালে তারা একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করেছেন।
শ্রীলংকান মন্ত্রী বলেন, আমরা যদি ওই পানি পান না করতে চাই, তাহলেও আমরা বৃষ্টির পানি গৃহস্থালী কাজে ও ভূগর্ভস্থের পানি নবায়নের উদ্দেশ্যে ব্যবহার করতে পারি।
ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি ড. খায়রুল ইসলামও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণে আইন প্রণয়নের জন্য নীতিনির্ধারকদের এগিয়ে আসা উচিত। বৃষ্টির পানির ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরিতে একটি সমন্বিত প্রচারাভিযান শুরু করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এসইউ/২১৩৫ ঘ.
bdnews24