গাজীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গ্রেপ্তারের পর শাকিল আহমেদ শফিককে (২৪) রাজেন্দ্রপুর সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
শাকিল রাঙামাটির ১৭ ইবিআরে কর্মরত। তার সৈনিক নম্বর ৪০৪৮৮০৬। বিনা নোটিশে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এসআই শহিদুল ইসলাম জানান, গত ৭ জুন মুলাইদ এলাকার এক কলেজ ছাত্রীকে নিজ বাড়ি থেকে শাকিল ও তার দুই সহযোগী অপহরণ করেন। ওই রাতেই ছাত্রীর বাবা শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
১০ জুন তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
শুক্রবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীর বাবা ঠাকুরগাঁও থেকে মেয়েকে ও শাকিলকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন বলে জানান এসআই।
শ্রীপুর মডেল থানার ওসি আক্তারুজ্জামান বলেন, দুপুরেই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে রাজেন্দ্রপুর সেনানিবাসে হস্তান্তর করা হয়।
শাকিল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিড়বাড়ি গ্রামের ফজর আলীর ছেলে এবং বিবাহিত।
বিডিনিউজ টোয়েন্টিফেপার ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24