বেনাপোল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানি করা ৪২ লাখ টাকার পণ্য বেনাপোল বন্দর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার রাতে বন্দরের ২৯ নম্বর শেড থেকে ওই পণ্য সরানো হয়। ফলে প্রায় ২৫ লাখ টাকার শুল্ক থেকে সরকারকে বঞ্চিত করা হয়েছে বলে শুল্ক কর্মকর্তারা জানান।
বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মে যশোরের মেসার্স তৃণা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ১০ হাজার ৩০ কেজি ওজনের ১৬১ বেল কাপড় আমদানি করে। কাগজপত্রে আমদানি করা পণ্যের পরিমাণ ৫ হাজার ৮৮৪ কেজি ঘোষণা দেওয়া হলেও পরীক্ষা-নিরীক্ষার পর অতিরিক্ত আরো ৪ হাজার ১৪৬ কেজি পণ্য পাওয়া যায়। পণ্যের চালানটি আটক করার পর ইনচার্জ মনির হোসেনের দায়িত্বে বন্দরের ২৯ নম্বার শেডে তা রাখা হয়। ওই চালানের ম্যানুফেস্ট নম্বর ১৭১৭৩/১।
বুধবার রাতে কে বা কারা চালানটি সেড থেকে সরিয়ে ফেলে বলে জানান এই শুল্ক কর্মকর্তা।
তিনি আরও বলেন, শুল্ক ফাঁকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোলে ব্যবসায়ীদের একাধিক সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিতে বেনাপোলে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা শুল্ক ও বন্দর কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় একের পর এক শুল্ক ফাঁকি দিচ্ছে। কিন্তু শুল্ক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় এই সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে।
এব্যাপারে শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা আবু তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পণ্যচুরি ও শুল্ক ফাঁকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেনাপোল শুল্ক কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে।”
বেনাপোল বন্দরের পরিচালক আবুল কালাম আযাদ বলেন, “পণ্য উধাও হওয়ার কোনো ঘটনা আমাকে জানানো হয়নি। শেড ইনচার্জ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুব্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮০৩ ঘ.
bdnews24