২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় নতুন অনুপ্রবেশ ঘটেনি

টেকনাফ সীমান্ত দিয়ে শুক্রবার আর নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। এরই মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে আরও ৪৪ জন রোহিঙ্গাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত দিয়ে শুক্রবার আর নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। এরই মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে আরও ৪৪ জন রোহিঙ্গাকে। বিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদুল হাসান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরের পর টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে গত ১০ জুন গোপনে অনুপ্রবেশ করা ১৩ রোহিঙ্গাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ পরীর দ্বীপের মাঝের পাড়ায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এদের অধিকাংশই শিশু ও মহিলা। তাদের বর্তমানে বিজিবি সদস্যদের তত্ত্বাবধানে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের পানি, দুধসহ অন্যান্য খাবার সরবরাহ করা হয়েছে। তাদেরকেও শিগগিরই মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এছাড়া সেন্টামার্টিন দিয়ে অনুপ্রবেশকারী ৪৪ রোহিঙ্গা সদস্যকে ইঞ্জিনচালিত বোট দিয়ে শুক্রবার সকালে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। টেকনাফ সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় আছে বলেও জানান তিনি। মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে। গত মঙ্গলবার রাত ও বুধবার সকালে টেকনাফের শাহ পরীর দ্বীপ, বদর মোকাম ও সেন্টমার্টিন এলাকা থেকে ১১৪ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি। এরপর বৃহস্পতিবার সকালে ফেরত পাঠানো হয় এরা ২৫ জনকে। টেকনাফ সীমান্তে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহলও জোরদার করা হয়েছে। গভীর সমুদ্রে নৌবাহিনী ও নাফ নদীতে কোস্টগার্ড সদস্যরাও এতে সহযোগিতা করছে বিজিবিকে। বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে প্রায় দেড়শ কিলোমিটার সীমান্তের মধ্যে টেকনাফের সঙ্গেই রয়েছে ৫৪ কিলোমিটার। এর একটি বড় অংশ আবার নদী ও সমুদ্র দিয়ে আলাদা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৬২৩ ঘ.