কক্সবাজার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সহিংসতার ঘটনায় বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী।
মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলমান ও রাখাইনদের দাঙ্গা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারী বাড়ানো হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মতবিনিময় সভায় রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরাও তাদের মতামত দেন।
কক্সবাজারে শরণার্থীদের নিয়ে কাজ করছে এমন কয়েকটি সংগঠনের বিরুদ্ধে কয়েকজন সাংবাদিক উস্কানি দেওয়ার অভিযোগ করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, “এমন অভিযোগের কারণে ‘মুসলিম এইড’র কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই সংস্থার কক্সবাজারে দায়িত্বরত কর্মকর্তা ডা. জাহিদ জামাল কট্টককে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।”
“এনজিওগুলোকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়াবাড়ি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে ইউএনএইচসিআরের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, “অন্য দেশের নাগরিক শরণার্থী হয়ে আসলে ইউএনএইচসিআর তখন দায়িত্ব গ্রহণ করে।”
“রোহিঙ্গা শরণার্থীদের কারণে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আর ক্ষতি চাই না,” বলেন তিনি।
তবে এ পর্যন্ত কতজন রোহিঙ্গা মুসলমানকে অনুপ্রবেশের চেষ্টাকালে ফিরিয়ে দেওয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।
সভায় পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ নুরুল বাছির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24