২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগ আইন প্রণয়নের পরিকল্পনা করছে সরকার: মন্ত্রী

প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে প্রয়োজনীয় আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে প্রয়োজনীয় আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। জাতীয় সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সংবিধানের বিধান অনুযায়ী উচ্চ আদালতে স্বচ্ছতার সঙ্গে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের আছে।” “বস্তুত সাংবিধানিক বিধান ছাড়া হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে অন্য কোনো নীতিমালা নেই”, যোগ করেন আইনমন্ত্রী। কিশোরগঞ্জ-৩ আসনের জাপা সাংসদের প্রশ্নের জবাবে শফিক আহমেদ আরো জানান, বর্তমানে সাংবিধানিক বিধান ছাড়া হাইকোর্টে বিচারপতি নিয়োগে কোনো আইন বা নীতিমালা নেই। সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টে নিয়োজিত আইনজীবী এবং জেলা ও দায়রা জজ পর্যায়ের বিচারকদের মধ্য থেকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ জিয়াউল হক মৃধার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনজীবীদের ব্যবহারের জন্য বার লাইব্রেরি এবং পর্যাপ্ত সংখ্যক বিজ্ঞ আইনজীবী ও আইনের বই না থাকায় দেওয়ানী ও ফৌজদারী আদালত উপজেলা পর্যায়ে স্থানান্তরের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে জেলা থেকে উপজেলা সদরের দূরত্ব ও যাতায়াত ব্যবস্থার অসুবিধার কথা বিবেচনা করে কিছু উপজেলায় দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থানান্তর করা হচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বন্ধের পরিকল্পনা আপাতত সরকারের নেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকা- সম্পর্কে সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন পুলিশ ২০০১ সালের ৬ সেপ্টেম্বর জমা দিয়েছে। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একই বছরের ২৪ অক্টোবর প্রতিবেদনটি গ্রহণ করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সারাদেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা বন্ধে আইন সংশোধন করা হবে। এতে সমন জারিসহ নির্ধারিত তারিখে সাক্ষীদের হাজির করে তাদের সাক্ষ্য গ্রহণ নিশ্চিত সম্ভব হবে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তারানা হালিমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য কোনো আইন নেই। তবে বিয়ের দালিলিক প্রমাণ সুরক্ষার জন্য নিবন্ধনের ব্যবস্থা ঐচ্ছিক রেখে ‘হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২’ বিল সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। শিগগির বিলটি সংসদে উত্থাপন করা হবে। সংরক্ষিত মহিলা আসনের আরেক সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রশাসনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শূন্যপদের সংখ্যা ৫৯ হাজার ৬০৯টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩৫০ ঘ.