২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালাসী ঘাট দিয়ে ফের ওয়াগন পারাপার শুরু

আট মাস পর আবারো বালাসি-বাহাদুরবাদ নৌপথ দিয়ে ওয়াগন পারাপার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাইবান্ধা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট মাস পর আবারো বালাসি-বাহাদুরবাদ নৌপথ দিয়ে ওয়াগন পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার বালাসী ঘাট থেকে গম ভর্তি ৩০টি ওয়াগন নিয়ে ‘বাহাদুর শাহ’ নামের বার্জটি জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের দিকে ছেড়ে যায় বলে জানান বালাসী ঘাট রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত থেকে আমদানি করা এসব গম রেলপথে ফেনী ও নারায়ণগঞ্জ যাবে। যমুনা নদীতে নাব্য সংকটের কারণে গত বছরের নভেম্বর থেকে ওয়াগন পারাপার বন্ধ ছিল। নতুন করে ওয়াগন পারাপার শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বল্প ব্যয়ে মালামাল পরিবহনের ব্যাপারে আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু সরকারি মালবাহী ওয়াগনই এ নৌপথে পারাপার হবে বলে জানান স্টেশন মাস্টার। নাব্য সংকট ও অলাভজনক বিবেচনায় ২০০৫ সালের ১৫ জুলাই বালাসী-বাহাদুরাবাদ নৌপথটি পরিত্যক্ত ঘোষণা করে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আগে এ পথে যাত্রী ও মামলামাল উভয়ই পার হত। পরিত্যক্ত ঘোষণার পর শুধু বর্ষাকালে যমুনায় নাব্য থাকায় এ নৌপথ দিয়ে মালামাল পার করত রেল কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯২১ ঘ.