২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক লাঞ্ছিত: দ্রুত তদন্ত শেষের দাবি

নরসিংদীতে জজ আদালতের ফটকে পুলিশের হাতে বিচারককে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগীয় তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে জজ আদালতের ফটকে পুলিশের হাতে বিচারককে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগীয় তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নিম্ন আদালতপাড়ায় সাধারন আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানব বন্ধন থেকে এ দাবি জানানো হয়। রোববার নরসিংদী জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে লাঞ্ছিত হন বিচারক মো. ইমান আলী শেখ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহার নির্দেশে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম তদন্ত করছেন। মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক, শিক্ষক ও আইনজীবীদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের ধারাবাহিকতায় হামলার এ ঘটনা ঘটেছে। দোষীদের শুধু বরখাস্ত নয়, আরো কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনায়ত হোসেন খান, আবদুল বাতেন, ইবনে আজিজ, মো. নূরুল হুদাসহ প্রায় বারশ’ আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৮৩৫ ঘ.