মাদারীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদামের ১৮ মেট্রিক সরকারি চালসহ এক ট্রাক চালককে মাদারীপুরের কালকিনি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার ট্রাকচালকের নাম মান্নান মোল্লা (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হুদা বলেন, ‘‘আগৈলঝাড়া উপজেলার খাদ্য গুদাম থেকে একটি চোরাচালানি চক্র ট্রাকে করে ১৮ মেট্রিক টন সরকারি চাল কুষ্টিয়ার বিভিন্ন রাইচ মিলের বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
“খবরটি পেয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক মান্নান মোল্লাকে গ্রেপ্তার করি।”
কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল বলেন, ‘‘মাদারীপুর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকালে ১৮ মেট্রিক টন চালসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করে কালকিনি থানায় তুলে দিয়েছে।”
ট্রাকচালক মান্নান সাংবাদিকদের বলেন, তিনি এই চোরাকারবারে জড়িত নন। চাল নিতে তার ট্রাকটি ভাড়া হয়েছিল মাত্র।
ওসি শাহিন বলেন, এ ব্যাপারে মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোবারক বাদি হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে এবং গ্রেপ্তার ট্রাকচালককে আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬১০ ঘ.
bdnews24