২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীকে মারধরে উত্তেজনা জাবিতে

এক সহকর্মীকে ছাত্ররা মারধর করায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ক্যাম্পাসের ভেতরে সড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

জাবি, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সহকর্মীকে ছাত্ররা মারধর করায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ক্যাম্পাসের ভেতরে সড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বুধবার সকালে মারধরেরর শিকার হন জীববিজ্ঞান অনুষদের ঊর্ধ্বতন সহকারী এহতেশামুল হক মিনু। এরপর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন ও সমিতি ২৪ ঘণ্টার মধ্যে দোষী ছাত্রদের শাস্তি দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সড়ক অবরোধ করে। উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে কর্মচারীরা দুপুর ২টায় সড়ক ছাড়ে। কর্মচারী সমিতি সভাপতি আব্বাস আলী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচার চেয়ে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি, বিচার না পেলে কঠোর হতে বাধ্য হব।” বৃহস্পতিবার সকালে কর্মস্থলে না গিয়ে বিক্ষোভে কর্মসূচিও দিয়েছে সংগঠন দুটি। এহতেশামুল হক মিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পরিবেশ বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী এবং প্রভাষক মোস্তাফিজুর রহমান সোহাগ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের জন্য বরাদ্দ করা কক্ষটি খুলে দিতে বলে। তবে জীববিজ্ঞান অনুষদের ডিনের নিষেধাজ্ঞার কথা জানিয়ে এহতেশাম ওই কক্ষের তালা খুলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ আমাকে এলোপাতাড়ি মারতে থাকলে আমি মেঝেতে পড়ে যাই।” পরিবেশ বিজ্ঞানের সভাপতি শফি মুহাম্মদ তারেক ও প্রভাষক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলের পাশেই দাঁড়ানো ছিলেন বলে এহতেশামুল দাবি করেন। প্রভাষক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ মেরেছে কি না জানি না, তবে শিক্ষক হিসেবে আমার প্রতি তিনি সম্মানবোধ দেখাননি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২৬ ঘ.