ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গজল সম্রাট মেহেদী হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার এক শোকবানীতে তিনি বলেন, প্রখ্যাত এই শিল্পীর অপূর্ব মোহনীয় কণ্ঠে সুরের মূর্ছনা হৃদয়কে আবেগে পরিপূর্ণ করতে পেরেছে বলেই তিনি মানুষের মনে চির অম্লান হয়ে থাকবেন।
তার মৃত্যুতে সঙ্গীত জগতের শূন্যতা সহজে পুরণ হবার নয় বলে মনে করেন বিরোধী দলীয় এই নেতা।
দীর্ঘ রোগভোগের পর বুধবার করাচির একটি হাসপাতালে মারা যান ভারতীয় উপমহাদেশের প্রবাদপ্রতীম এই গায়ক। আগামী ১৮ জুলাই তার বয়স হওয়ার কথা ছিল ৮৫ বছর।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, গজল ছাড়াও বাংলা ভাষাসহ অন্যান্য ভাষাতেও নানা ধরণের গান গেয়ে এই শিল্পী নিজেকে উপমহাদেশে একজন অনন্য-অসাধারণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন।
খালেদা জিয়া শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৭০৬ ঘ.
bdnews24