২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালো টাকা উৎপাদনে এলে বেকারত্ব ঘুচবে’

বিভিন্ন মহল থেকে সমালোচনা হলেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মহল থেকে সমালোচনা হলেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম। তার মতে, কালো টাকা বিনিয়োগ খাতে এলে তাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। আসিফ ইব্রাহিম মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি মনে করি, কালো টাকা যদি উৎপাদন খাতে আসে তাহলে তা আমাদের বেকার সমস্যা দূর করবে।” প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপরও জোর দেন আসিফ ইব্রাহিম। তিনি বাজেটের ১৭টি ইতিবাচক এবং ১৬টি নেতিবাচক দিক তুলে ধরেন। ডিসিসিআই সভাপতির দৃষ্টিতে ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে- স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অধিক হারে মন্ত্রণালয়ের কার্যক্রম ডিজিটালাইজেশন ও অটোমেশন, পিপিপি আইন প্রণয়নের ঘোষণা, কয়লানীতি চূড়ান্ত করার সিদ্ধান্ত, সরকারি ইপিজেডের পাশাপাশি বেসরকার ইপিজেডে কর অবকাশ সুবিধা প্রদান ইত্যাদি। নেতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে- করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা, রপ্তানি বাণিজ্য উৎসে করের হার বাড়ানো, ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা বৃদ্ধি, সুদের হার কমিয়ে আনার ব্যাপারে সঠিক নির্দেশনার অভাব ইত্যাদি। ব্যাংক ঋণের ওপর চাপ কমানো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বাস্তবায়ন এবং ব্যক্তি শ্রেণির করদাতার করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির সুপারিশ করেছে ডিসিসিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২১৩৪ ঘ.