সিলেট, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে দাদি ও নাতনি হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
শনিবার সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের পূর্ব দলইপাড়ার এনজিও কর্মকর্তা নাসির উদ্দিনের মা আমিনা বেগম (৭০) ও মেয়ে সাদিয়া আক্তার (৬) খুন হয়।
এ ঘটনায় তারেক ও ফারুক নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারেক সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়া বাজারের প্রয়াত আবদুল লতিফের ছেলে এবং ফারুক সিলেট শহরতলীর দলইপাড়ার বাসিন্দা।
র্যাব-৯ এর স্কোয়াডন লিডার ফজলে শাহীন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন সেট চুরি করতে গিয়ে তারেক এ জোড়া খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের আগের দিন তারেক স্যাটেলাইট ক্যাবলের বিল আনতে গিয়ে ওই বাড়িতে কখন কে থাকে তা জেনে আসে।
“ঘটনার দিন তাকে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে একটি বাইসাইকেলে চড়ে যেতেও দেখেছেন প্রতিবেশী এক মহিলা,” বলেন এই র্যাব কর্মকর্তা।
তিনি আরো বলেন, আমিনা বেগমের গলায় যে ধরনের স্ক্রু ড্রাইভারের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তারেকের কাছ থেকে ওই রকম একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের কাছে তারেকের দেওয়া জবানবন্দির তথ্য থেকে সন্দেহভাজন হিসেবে ফারুককে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, সোমবার তারেক ও ফারুককে নিহতদের বাড়ি নিয়ে গেলে স্থানীয়রা ঘটনার দিন তাদের ওই বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন।
শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দু’জনের আচরণ সন্দেহজনক। তারা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সোমবার তাদের আদালতে হাজির করে সাতদিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয়। আদালত দু’দিন মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
মানববন্ধন
এদিকে খাদিমপাড়া প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে তাদের সহপাঠী সাদিয়া আক্তার খুনের প্রতিবাদে নগরীর শহীদ মিনারে মানববন্ধন করেছে। এতে স্কুলের শিক্ষক-অভিভাবক ছাড়াও এলাকার লোকজন অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24