দিনাজপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার খাদ্য গুদামগুলোতে জায়গা না থাকায় দিনাজপুরে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান বন্ধ রয়েছে।
অন্যদিকে গাড়ি ভাড়া বৃদ্ধির অজুহাতে ঠিকাদাররা ধীর গতিতে পরিবহন কাজ করায় গুদামের মজুত খাদ্যশস্য অন্যত্র দ্রুত স্থানান্তর করা যাচ্ছে না।
ধান-চাল ক্রয়ের লক্ষে চালকল মালিকদের সঙ্গে সরকারের খাদ্য বিভাগের চুক্তি হলেও এ মওসুমে দিনাজপুর জেলায় সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
চাহিদা অনুযায়ী চাল সরবরাহের জন্য অটো রাইস মিল ও সাধারণ হাসকিং মিল মালিকদের সঙ্গে উপজেলা খাদ্য কর্মকর্তাদের চুক্তি সম্পাদনের কাজ রোববার শেষ হয়েছে। জেলায় ৮১টি অটো রাইস মিল এবং এক হাজার ৭শ’ ৯৫টি সাধারণ হাসকিং মিল রয়েছে।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য অনুযায়ী, দিনাজপুর জেলায় একটি সিএসডিসহ ২৬টি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ৮২ হাজার মেট্রিক টন। কিন্তু বর্তমানে এসব গুদামে মজুত আছে প্রায় এক লাখ মেট্রিক টন খাদ্য শস্য।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেবলমাত্র গুদামে জায়গা না থাকায় ধান-চাল কেনা যাচ্ছে না।”
তিনি জানান, পরিবহন ঠিকাদাররা দ্রুত কাজ না করায় গুদামগুলোতে মজুত খাদ্য শস্য অন্যত্র স্থানান্তরের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। দিনাজপুরে দ্ইু হাজার চালকল মালিকের সঙ্গে জেলা খাদ্য বিভাগের চুক্তি সম্পন্ন হয়েছে। কিন্তু গুদামগুলো খালি না হলে দিনাজপুরে ধান-চাল কেনা যাচ্ছে না।
জানা গেছে, দিনাজপুরের ১৩টি উপজেলায় মোট ৯২ হাজার ৬৩৩ মে. টন চাল ও ৫ হাজার ৩৪০ মে. টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে গত ৭ মে থেকে ৮ জুন পর্যন্ত মাত্র একশ মে. টন চাল কেনা সম্ভব হয়েছে।
আনোয়ার হোসেন আরো বলেন, ভরা মৌসুমে চাল কিনতে না পারলে এক মাস পর বর্ষা শুরু হলে মানসম্পন্ন চাল পাওয়া যাবে না। এর ফলে সরকারের সংগ্রহ অভিযানও ব্যাহত হবে।
গত ১৭ মে সদর উপজেলার পুলহাট গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ১শ’ মেট্রিক টন ধান কেনার মধ্য দিয়ে জেলায় ধান ও চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় একলাখ ৮০ হাজার ২শ’ ২৫ হেক্টর জমিতে বোরো চাষ থেকে ৭ লাখ ৩০ হাজার মে. টন চাল উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮৩১ ঘ.
bdnews24