চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী চার মাসের মধ্যে সারাদেশে গাড়িতে ডিজিটাল নম্বর প্লেট বসানো হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়াম্যান মো. আইয়ুুবুর রহমান খান।
রোববার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে সেনাবাহিনীর সহযোগিতায় এই ডিজিটাল নম্বর প্লেট বসানো হবে। এতে গাড়ির ফিটনেস, টোল, গতিবেগ, অবস্থানসহ নানা তথ্য ট্রাফিক সদর দপ্তর থেকেই জানা যাবে।”
‘সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গণসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক ওই সেমিনারে তিনি বলেন, ট্রাফিক আইন না মানাই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। আইন মেনে চললে দুর্ঘটনা অনেক কমে আসবে।
সড়ক দুর্ঘটনার জন্য গাড়ির চালকের পাশাপাশি মালিকদেরও দায়ী করে আইয়ুবুর রহমান বলেন, “যে সব মালিক ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামান, ত্রুটিপূর্ণ গাড়ি যারা তৈরি করেন, সবাই এই জন্য দায়ী।”
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে সেমিনারে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, “আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দুর্ঘটনা রোধে মালিকদেরকে দায় দায়িত্ব নিতে হবে।”
সেমিনারে ‘নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ৫৮ শতাংশ সড়ক দুর্ঘটনা চালকের কারণে হয়ে থাকে। তাই চালক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করতে হবে।
চালকদের বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা, দুরপাল্লার গাড়িগুলোতে দুই জন করে চালক রাখা এবং পরিচয়পত্র দিতে গাড়ির মালিকদের প্রতি আহবান জানান তিনি।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) মশিয়ার রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলীও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24