মুন্সীগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুটি বস্তায়বন্দি অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার খারসুর ভাঙ্গা নামক স্থানে ঢাকা-নবাবগঞ্জ সড়কের পাশে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, একটি বস্তায় মাথা এবং আরেক বস্তায় দেহের বাকি অংশ ছিল। বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশ গুমের জন্য কয়েকদিন আগে এখানে ফেলে যায় দুবৃর্ত্তরা।
এ ব্যাপারে সিরাজদিখান থানায় হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩৪৭ ঘ.
bdnews24