২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশ করতে না দিলে ঢাকা অবরোধের হুমকি

সোমবার সমাবেশ করতে না দেওয়া হলে দলের নেতা-কর্মীসহ জনগণ পুরো ঢাকা শহর অবরোধ করবে বলে হুমকি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার সমাবেশ করতে না দেওয়া হলে দলের নেতা-কর্মীসহ জনগণ পুরো ঢাকা শহর অবরোধ করবে বলে হুমকি দিয়েছে বিএনপি। শনিবার বিকালে এক প্রতিবাদ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ হুমকি দেন। গত ১২ মার্চ নয়া পল্টনের সমাবেশ থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে ১০ জুন পর্যন্ত সময় দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তা না হলে ১১ জুন সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। ১৮ দলীয় জোটের এই সমাবেশের জন্য পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ ও নয়া পল্টনের সড়ক চেয়ে গত ২৪ মার্চ বিএনপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সোমবার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রদান বিরোধী দল। তরিকুল বলেন, গত ১২ মার্চ অর্থাৎ তিন মাস আগে ১১ জুন ঢাকায় সমাবেশের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। অথচ আজ (শনিবার) বিকাল পর্যন্ত সরকার সমাবেশ করার অনুমতি দেয়নি। “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওইদিন সমাবেশ করতে না দিলে গোটা ঢাকা শহরে জনসমাবেশ ঘটিয়ে আমরা অবরোধের মতো অবস্থান নেবো।’’ সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষিবিদ সমন্বয় কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভার অয়োজন করা হয়। সরকারের কথিত দমননীতির কঠোর সমালোচনা করে এই বিএনপি নেতা দাবি করেন যে, সরকার দেশকে অস্থিতিশীল ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “আওয়ামী লীগ পুরনো দল। তাদের চিন্তা করা উচিৎ দেশ অস্থিতিশীল হলে কারা লাভবান হবে। বিএনপি কখনো সংঘাত-সংঘর্ষ চায় না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে চাই।’’ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে নিজ দলের অবস্থান ব্যাখ্যা করে তরিকুল বলেন, দেশে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। প্রয়োজনে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে। বিএনপির কাছে এর কোনো বিকল্প নেই। তিনি সোমবারের সমাবেশ সফল করার আহবান জানিয়ে বলেন, যেকোনো মূল্যে এই সমাবেশ সফল করতে হবে। যাতে তাদের (সরকার) টনক নড়ে। তবেই সরকার বিএনপি নেতাদের মুক্তিসহ অন্যান্য দাবি মানতে বাধ্য হবে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিরোধী দলীয় প্রধান হ্ইুপ জয়নুল আবদিন ফারুক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষক কর্মচারি ঐকজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শামসুল আলম তপন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২২ ঘ.