ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক নিউজ এইজ পত্রিকার সংস্কৃতি বিষয়ক প্রদায়ক ও ব্যান্ড সঙ্গীত শিল্পী নাবিল আব্দুল লতিফ হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় বহাল রেখেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. এমদাদুল হক আজাদের বেঞ্চ মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) আবেদনের শুনানি করে নি¤œ আদালতের ওই রায় বহাল রাখেন।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত এই তিন আসামি হলেন, ব্যান্ড সঙ্গীত শিল্পী নির্জন মোস্তাকিম, শহিদুল ইসলাম পাপ্পু এবং নাবিলের স্ত্রী ফারহানা সুলতানা কনক।
২০০৬ সালের ২২ অগাস্ট ঢাকার তৎকালীন চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ আর মাসউদ এই তিন ব্যক্তিকে ফাঁসির দণ্ড দেন। রায়ে নির্জন ও পাপ্পুকে হত্যাকারী হিসাবে এবং কনককে হত্যার পরিকল্পনাকারী হিসাবে উল্লেখ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ২ মার্চ কনকের নির্দেশে নির্জন এবং পাপ্পু সিদ্ধেশ্বরীর বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে নাবিলকে হত্যার করে কেরানীগঞ্জের বামনসুর খেলার মাঠে লাশ ফেলে রাখে। পরের দিন পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ঘটনার পর আসামীরা গ্রেপ্তার হয়েছিলেন। পরে সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হকের আদালত থেকে জামিন নিয়ে তারা পালিয়ে যান। পলাতক থাকা অবস্থায়ই বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। পরে আসামীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে (ডেথ রেফারেন্স হিসাবে) মামলাটি হাই কোর্টে আসে।
হাই কোর্টে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে শুনানি করেন অ্যাডভোকেট ফ্লোরা বেগম।
মো. সেলিম বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার পর নাবিলের লাশের পকেটে পুলিশ একটি চেক বই পায়। এর সূত্র ধরে তার পরিচয় উদ্ধার করে পুলিশ তিন আসামীকে গ্রেপ্তার করে।
“পরে শহিদুল ইসলাম পাপ্পু এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া মামলার নথি, সাক্ষ্যপ্রমাণ দেখে সন্তুষ্ট হয়ে হাই কোর্ট নি¤œ আদালতের রায় বহাল রাখেন।”
হাই কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে নাবিলের ফুফা কুদ্দুস আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাবিলের স্ত্রী কনক তাদের একমাত্র সন্তান ফাতিম নাবিলকে নিয়ে পালাতক রয়েছেন। তিনি মাঝে মাঝে ভাই জামাল এবং কামাল হোসেনের মগবাজারে অবস্থিত ব্যাপারী গলির ৪৯৯ নম্বর বাড়িতে এসে থাকেন। এছাড়া তাকে ঢাকার নবাবগঞ্জের মাঝিকান্দার গ্রামের বাড়িতেও মাঝে মাঝে দেখা গেছে।
“মগবাজারের ওই বাড়িটি নিয়েও নাবিলের সঙ্গে কামাল ও জামালের দ্বন্দ্ব ছিলো। অন্য দুই আসামী পাপ্পু লক্ষ্মীবাজার এবং মোস্তাকিম আগা মশিলেনে থাকেন।”
নাবিলের এই ফুফা বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিবি/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24