২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

সংসদে হাই কোর্টের এক বিচারপতির অপসারণের দাবির মধ্যেই স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে হাই কোর্টের এক বিচারপতির অপসারণের দাবির মধ্যেই স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট উপস্থাপনার মাঝে মাগরিবের নামাজের বিরতিতে প্রধান বিচারপতি স্পিকারের সঙ্গে দেখা করেন। এসময় আইনমন্ত্রী শফিক আহমেদও স্পিকারের চেম্বারে উপস্থিত ছিলেন। উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করলে তা নিয়ে ওই দিনই সংসদে তুমুল সমালোচনা ওঠে। এ বিষয়ে স্পিকারের রুলিং দেওয়ার কথা রয়েছে। বৈঠক প্রসঙ্গে স্পিকার আবদুল হামিদ জানান, প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করতে সস্ত্রীক এসেছেন। সঙ্গে আইনমন্ত্রী ছিলেন। শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য এবং সংসদের ক্ষোভ নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন স্পিকার। আবদুল হামিদ বলেন, “প্রতি বছরই বাজেট পেশের দিন প্রধান বিচারপতি সংসদে আসেন। রেওয়াজ অনুযায়ীই প্রধান বিচারপতি এসেছেন।” বৈঠক শেষে মাগরিবের নামাজের বিরতির জন্য নির্ধারিত সময়ের চার মিনিট পরে অধিবেশন কক্ষে আসেন স্পিকার। এরই মধ্যে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য এবং তাতে মহাজোটের সংসদ সদস্যদের প্রতিক্রিয়া নিয়ে জাতীয় সংসদে রুলিংয়ের পক্ষে মত দিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী। অবশ্য মহাজোটের সংসদ সদস্যরা হাই কোর্টের ওই বিচারককে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে প্রস্তাব পাঠানোর দাবিতে অনড় রয়েছেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে তোফায়েল আহমেদ, আবদুল মতিন খসরু, রাশেদ খান মেনন, মুজিবুল হক চুন্নু ও মঈন উদ্দীন খান বাদল স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে অংশ নেওয়া এক বামপন্থী নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার স্পিকার রুলিং দেবেন। তবে আমরা স্পিকারকে বলেছি- বিচার বিভাগের ওপর আমাদের কোনো ক্ষোভ নেই। একজন বিচারকের বিরুদ্ধে আমাদের ক্ষোভ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৫৬ ঘ.