চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার বিশ্ব কলোনী এলাকায় অধিক বিদ্যুৎ বিল আসা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন যুবকের হামলায় এক বিল বিতরণকারী নিহত হয়েছেন।
নিহত আব্দুল মান্নান (৪২) কুমিল্লা জেলার নাঙ্গল কোটের মীর হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ছোটন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই এলাকার তিন যুবকের হামলায় মান্নান নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎ বিল নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় কয়েকজন যুবক মান্নানকে কিল ঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মান্নান খুলশী থানার পাহাড়তলী এলাকার পিডিবি কেন্দ্রের বিদ্যুৎ বিল বিতরণকারী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৫২ ঘ.
bdnews24