২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন ছাড়া হাঁস-মুরগির খামার নয়: মন্ত্রী

দেশে নিবন্ধন ছাড়া আর কোনো হাঁস-মুরগির (পোলট্রি) খামার করতে দেওয়া হবে না- এ ঘোষণা দিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নিবন্ধন ছাড়া আর কোনো হাঁস-মুরগির (পোলট্রি) খামার করতে দেওয়া হবে না- এ ঘোষণা দিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুধবার আয়োজিত এক নীতি-নির্ধারণী সভায় তিনি বলেন, “খামারগুলোর সার্বিক কার্যক্রমও তদারকির আওতায় আনা হবে। নিবন্ধন ছাড়া কোনো খামার করতে দেওয়া হবে না।” নিবন্ধন ছাড়া কার্যক্রম চালানো খামারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটি ‘সংকটে পোলট্রি শিল্প : আশু-করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রী এও মনে করেন যে, অপরিকল্পিত বেশি খামার থাকার চেয়ে পরিকল্পিত কম খামার অনেক ভালো। তিনি বলেন, খামারগুলোতে বার্ড ফ্লুসহ অন্য রোগের বিস্তার রোধে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাফল্য এলে এ খাতের জন্য পর্যাপ্ত টিকা সরবরাহ করা হবে । বার্ড-ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগির বাচ্চা ও ডিম আমদানি নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে লতিফ বিশ্বাস জানান, ভারত থেকে চোরাই পথে ডিম আনা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, পোলট্রি ফার্ম আমাদের পুষ্টির যোগান দেয়। মাংসের চাহিদা পূরণ করে। তাই পোলট্রি খামারগুলোকে রক্ষা করতে হবে। পোলট্রি শিল্প রক্ষায় বাজেটের পরে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। খামার শিল্পে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করে তিনি বলেন, “দেশীয় বিনিয়োগকারীদের এ শিল্পে উৎসাহিত করা হচ্ছে। আমি যতদিন মন্ত্রী আছি, ততদিন বিদেশি প্রতিষ্ঠানকে খামার স্থাপনের অনুমতি দেইনি।” সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, সিপিডি’র জ্যেষ্ঠ গবেষক খোন্দকার গোলাম মোয়াজ্জেম ও দৈনিক অর্থনীতির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক আলোচনায় অংশ নেন। এর আগে সকালে মন্ত্রী রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বার্ক) মিলনায়তনে মন্ত্রণালয়ের কৃত্রিম প্রজনন সংক্রান্ত একটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সেমিনারে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৯২৬ ঘ.