২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় পুলিশের ট্রলারডুবি, অস্ত্র পানিতে

বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বার্জের ধাক্কায় পুলিশের একটি টহল ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বার্জের ধাক্কায় পুলিশের একটি টহল ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও দুটি অস্ত্র পানিতে ডুবে গেছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর ১২টার দিকে ফরাসগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। “ওই সময় তিনজন পুলিশ কন্সটেবল ট্রলারে করে টহল দিচ্ছিলেন। হঠাৎ একটি বালুবাহী বার্জের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।” এরপর আশেপাশের লোকজন নৌকা নিয়ে এসে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করলেও পুলিশের দুটি অস্ত্র পানিতে তলিয়ে যায় বলে জানান ওসি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে। বালুবাহী বার্জটি আটক করা যায়নি বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫০১ ঘ.