জিয়া শাহীন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বগুড়া, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্তা ও গুদামে জায়গার স্বল্পতার কারণে ধান-চাল সংগ্রহ অভিযান ঢিমেতালে চলছে বলে জানিয়েছেন কৃষক ও সরবরাহকারীরা।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহবায়ক কে এম লায়েক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বগুড়ার মতো সারা দেশেই এবার ঢিমেতালে চলছে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান।”
পর্যাপ্ত বস্তা না থাকায় দেশজুড়ে এ সমস্যা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ অবস্থায় মিল মালিকরা চাল সরবরাহ করতে পারছেন না। বিপাকে পড়েছেন কৃষকরাও।
লায়েক আলী জানান, বগুড়ার ১২টি উপজেলার ২৫টি খাদ্য গুদামে ৭৯ হাজার ৭৫০ টন চাল ও ছয় হাজার ২১৪ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন হলেও মাঠ পর্যায়ে অধিকাংশ খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযান থেমে আছে।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়ায় মঙ্গলবার পর্যন্ত ৩৮৬ টন ধান ও ১৮ হাজার ১৮৪ টন চাল সংগ্রহ করা হয়েছে।
গোসাইবাড়ি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি ধান কেনার জন্য কৃষকদের নামের তালিকা চূড়ান্ত করবে। তবে মঙ্গলবারও তার এলাকার কৃষকদের তালিকা চূড়ান্ত হয়নি।
ধুনটের চিথুলিয়া গ্রামের কৃষক রাবিন সরকার বলেন, “শুনেছি খাদ্য গুদামে ধান সরবরাহের জন্য তালিকায় নাম দেওয়া হয়েছে। ধান পেয়েছি ১৮ টন। আর সরকারকে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে এক টন। তাও আবার কবে দিতে পারবো তার নিশ্চয়তা নেই।”
তবে ওই গ্রামের কৃষক শাহরিয়ার জানান, “শুনেছি আমার নাম তালিকায় নেই। কিন্তু এই মৌসুমে ধান পেয়েছি একশ মন।”
“সরকার ধানচাল সংগ্রহ অভিযান ঠিকমতো করলে ধানের দাম বাজারে কিছুটা হলেও পাওয়া যেত”, যোগ করেন তিনি।
অবশ্য খাদ্য নিয়ন্ত্রক কাদির দাবি করেন, বস্তার সরবরাহ অপ্রতুল থাকায় এবং খাদ্য গুদামগুলোতে জায়গা স্বল্পতার কারণে সংগ্রহ অভিযান কিছুটা ধীরগতিতে চলছে।
তবে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহবায়ক লায়েকের আশঙ্কা- গুদামে জায়গা খালি করতে সরকার যদি বাজারে চাল ছেড়ে দেয় তাহলে ধান-চালের দাম আরও কমে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/এইচএ/২২২৯ ঘ.
bdnews24