ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্রুপের কার্যক্রমে বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সার্বিক কার্যক্রম পরিচালনা ও করণীয় নির্ধারণে অর্থ মন্ত্রনালয়কে একটি কমিশন গঠনের অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ডেসটিনির অর্থ পাচার, মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতের অভিযোগগুলোর ব্যাপারে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মসমূহের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
“কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের আলোকে ডেসটিনি গ্রুপের কার্যক্রমে বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সার্বিক কার্যক্রম পরিচালনা ও করণীয় নির্ধারণে অর্থ মন্ত্রণালয়কে একটি কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে।”
সংসদের মঙ্গলবারের অধিবেশনে রংপুর-১ আসনের সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ারে প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী আরো জানান, গত ২৮ মে ওই তদন্ত কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে তা প্রাথমিক পর্যালোচনায় অসম্পূর্ণ বলে মনে হয়েছে। ফলে অধিকতর তদন্ত করে পুনরায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অপু উকিলের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, এমএলএম কোম্পানিগুলো কী ব্যবসার মাধ্যমে জনগণকে প্রতারিত করছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হয়ছে, সে সংক্রান্ত কোনো তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে নেই।
৬৯টি প্রতিষ্ঠান এমএলএম ব্যবসার জন্য নিবন্ধিত হয়েছে বলেও মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১৪ ঘ.
bdnews24