২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপেটুইউর চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে পরোয়ানা

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ কমকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ কমকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় বাদীর আবেদনে ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী মঙ্গলবার এই আদেশ দেন। ঢাকা ক্যান্টনম্যান্ট এলাকার ইব্রাহীমপুর বাজার রোডের বাসিন্দা জাহানার মাসুদ সকালে একই আদালতে এ মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ২৩ শতাংশ লাভের প্রলোভন দেখিয়ে ইউনিপেটুইউর কর্মকর্তারা তার কাছ থেকে ১১ কিস্তিতে মোট ৪৬ লাখ ৩৪ হাজার ৩৮৫ টাকা নেন। এরপর পুরো টাকাই তারা আত্মসাৎ করেন। মামলার আরজিতে ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির ইমনসহ ১০ জনকে আসামি করেন তিনি। প্রাথমিক শুনানি শেষে আদালত ওই দশ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন। ২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠনের বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার। মুনতাসির ইমনসহ ইউনিপেটুর বেশ কিছু কর্মকতাকে এরইমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত ৬ মে গ্রেপ্তার হওয়ার পর ইমন রাজধানীর মোহাম্মদপুর থানায় সাংবাদিকদের বলেন, প্রায় ছয় লাখ গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে সাড়ে ১২ শ’ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তারা। বর্তমানে ব্যাংকে ইউনিপেটুইউর নামে ৪১৯ কোটি টাকা থাকলেও সরকার তা জব্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩০৩ ঘ.