বরিশাল, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের পুরাতন ভবনের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম মো. মিলন (২৮)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জীবনদাস কাঠি গ্রামের বাসিন্দা।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিএম কলেজের পুরাতন ভবনের ছাদ ভাঙার কাজ চলছিল। এ সময় ছাদের একটি অংশ ধসে পড়লে মিলন গুরুতর আহত হন।
তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, মিলন মারা গেছেন।
মিলনের স্ত্রী চাঁদনী বেগম জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিয়ে গেছেন বলে গোলাম কবীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১১১৫ ঘ.
bdnews24