মেহেরপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত পেরিয়ে মেহেরপুরে ঢুকে পড়া এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।
বাজিতপুর এলাকায় ঘোরাফেরা করার সময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর ওই সদস্যকে সোমবার দুপুরে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির মিরপুর সেক্টরের সহ অধিনায়ক ও ২৯ ব্যাটালিয়নের কমান্ডার মেজর জাহিদ।
আটক বিএসএফ সদস্যর নাম সত্য পাল সিং। তিনি ভারতের বিএসএফ ১১৯ ব্যাটালিয়নের শাহপুর ক্যাম্পের একজন সিপাহি বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের বাজিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করার এক পর্যায়ে সত্য পাল সীমান্তের ১১৭ নম্বর মেইন পিলার অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে।
ভারতীয় ওই সীমান্ত রক্ষী বিজিবির বাজিতপুর ফাঁড়ির কাছাকাছি এলে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
মেজর জাহিদ সাংবাদিকদের বলেন, বিষয়টি বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন কমান্ডারকে জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আটক এসএসএফ সদস্যকে ফেরৎ পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৬ ঘ.
bdnews24