বান্দরবান, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের ৩১ নাগরিককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে নাইক্ষ্যংছড়ি থেকে ১৯ জনকে এবং শনিবার রাতে বান্দরবান সদর থেকে ১২ রোহিঙ্গাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বান্দরবানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার পর রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে না পারে, সে জন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এসএম আজাদ সাংবাদিকদের জানান, রোববার রাতে উপজেলার বাইশারী ইউনিয়ন ও সদর ইউনিয়নের চাকঢালা এলাকায় পুলিশ অভিযান চালায়।
চাকঢালা থেকে ১০ জন এবং বাইশারী ইউনিয়ন থেকে ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবে না তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হবে, বলেন তিনি।
অন্যদিকে বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, শনিবার গভীর রাতে জেলা সদরের মেঘলা পর্যটন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১২ রোহিঙ্গাকে আটক করে।
আটকরা মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং অঞ্চলের বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, জানান তিনি।
আটক সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিয়ানমারে সামরিক শাসকের দমন-পীড়নের মুখে দুই দশক আগে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গারা দেশ ছাড়তে শুরু করে। বাংলাদেশে প্রায় ৫ লাখ রোহিঙ্গা ঢুকেছে। এর মধ্যে ২৫ হাজার রয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩১ ঘ.
bdnews24