২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে এমএলএম ব্যবসায়ী গ্রেপ্তার

ইন্টারনেটে অর্থ উপার্জনের প্রলোভনে প্রতারণার অভিযোগে শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেটে অর্থ উপার্জনের প্রলোভনে প্রতারণার অভিযোগে শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ‘অনলাইন এড ক্লিক’ নামের প্রতিষ্ঠানটির জেলা সমন্বয়কারী সোহেল রানা (২৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার রুহুল আমিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এমএলএম ইন্টারনেট ব্যবসার নামে সোহেল রানা ইতোমধ্যে অন্তত তিনশ’ ব্যক্তির কাছ থেকে ৭৯ লাখ ৪৪ হাজার ৩০৯ টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে চারজন গ্রাহক থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদিকে অনলাইন এড ক্লিকের প্রতারণার শিকার কয়েকশ’ যুবক রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তারা অর্থ আত্মসাৎকারী সোহেল রানা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তাদের একজন শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে তারা মানববন্ধনের আয়োজন করেছেন। মানববন্ধনে অভিযোগ করা হয়, অন লাইন এড ক্লিকের মাধ্যমে সোহেল রানা ও তার সহযোগীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় সোয়া এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শরিফুল ইসলামের মতো আরো কয়েকজন বলেন, প্রতি গ্রাহকের কাছ থেকে ডায়মন্ড প্যাকেজে ৭০ হাজার টাকা, গোল্ড প্যাকেজে ৩৫ হাজার টাকা, সিলভার প্যাকেজে সাড়ে ১৭ হাজার টাকা এবং বেসিক প্যাকেজে ৭ হাজার টাকা হারে আদায় করা হয়। এভাবে প্রায় এক হাজার সদস্য সংগ্রহ করে তারা। জেলা শহরের দ্বারিয়াপুর মহল্লার গ্রাহক শামিম কাউসার বলেন, ডায়মন্ড প্যাকেজে ক্লিক করে প্রতিদিন একজন গ্রাহক এক হাজার ১৫৫ টাকা, গোল্ড ৭৫৫ টাকা, সিলভার ৩৫০ টাকা এবং বেসিক ১৫০ টাকা পাওয়ার কথা বলা হলেও কেউ পায়নি। তিনি বলেন, এ বছর জানুয়ারির শুরুতে অনলাইন এড ক্লিকে অর্থ লগ্নি করে তার মতো শত শত যুবক প্রতারিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.