কুষ্টিয়া, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে হামলাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া শহরের মজমপুর গেটে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পিনু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা প্রমুখ।
সমাবেশে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং সম্পাদক ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে থানার মোড়ে এসে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬৪০ ঘ.
bdnews24