ঢাকা, ০৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে কিশোরীর ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সাইদুজ্জামান বাচ্চু স্বীকার করেছে যে, ধর্ষণের পর ধরা পড়ে যাওয়ার ভয়েই মেয়েটিকে খুন করে সে।
হত্যাকাণ্ডের শিকার কিশোরীর নাম রুমি (১৬)। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গাজীপুর-কাজিপাড়া গ্রামের সাদ্দাম ফকিরের মেয়ে।
শনিবার সকালে রাজধানীর নাহার প্লাজার পাশের একটি গলি, সোনালী রিক্রুটিং এজেন্সির কার্যালয়, একই ভবনের একটি হোটেল কক্ষ এবং পাশের ভবনের ছাদ থেকে তার ২৬ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এর পরপরই সোনালী রিক্রুটিং এজেন্সির মালিক সাইদুজ্জামান বাচ্চুকে (৩০) গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে বাচ্চু জানিয়েছে, দুই বছর আগে রুমির সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় তার। এক বছর আগে একবার সে ঢাকায় আসে। সে সময় রুমিকে একটি মোবাইল ফোন কিনে দেয় বাচ্চু।
“রুমি ১০/১২দিন আগে মিরপুরে খালার বাসায় বেড়াতে আসলে তার সঙ্গে আবার যোগাযোগ হয় বাচ্চুর। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সে মিরপুর ১০ নম্বর থেকে একটি আটোরিক্সায় করে রুমিকে সোনালী রিক্রুটিং এজেন্সির অফিসে নিয়ে আসে”
ওই রাতে রুমির সঙ্গে ‘দৈহিক সর্ম্পক স্থাপনের’ কথাও বাচ্চু স্বীকার করেছে বলে মাসুদুর রহমান জানান।
রোববার সকালে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের মিডিয়া এ- কমিউনিটি সার্ভিস অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে আনা হয় বাচ্চুকে।
সেখানে বাচ্চু বলেন, সন্ধ্যায় তার অফিসে রুমিকে আনা হলে আশেপাশের লোকজন কানাঘুষা শুরু করে। পরে বাইরে থেকে তার কক্ষের দড়জা বন্ধ করে দেওয়া হয়। আশেপাশের লোকজন তাদের ধরে বিয়ে করিয়ে দেবে- এই ধারণা থেকে আতঙ্কিত হয়ে রুমিকে প্রথমে গলা টিপে হত্যা করে সে।
বাচ্চু সাংবাদিকদের বলেন, রুমির দেহ নিস্তেজ হয়ে গেলে বাথরুমে নিয়ে প্রথমে ছুরি দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে ফেলে সে। পরে শরীরের বিভিন্ন অংশ জোড়া থেকে আলাদা করে ফেলে। এরপর সেসব অংশ থেকে মাংসও আলাদা করে ফেলা হয়। এসব করতে গিয়ে রাত পার হয়ে যায়।
“বাঁচার জন্য রুমির দেহের অংশগুলো বাইরে এবং বাথরুমে কমোডে ফেলে দেই। কেউ যেন বুঝতে না পরে যে আমার ঘরে কোনো মেয়ে ছিল।”
শনিবার সকালে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও সাংবাদিক ও পুলিশ চলে আসায় যেতে পারেনি বলে জানায় বাচ্চু।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাচ্চুর গ্রামের বাড়িও ফরিদপুরে। পরিবার থেকে সে আলাদা। নাহার প্লাজার ওই অফিসেই সে থাকে। তাকে শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার পর রাতে সে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে।
মনিরুল জানান, রুমি অত্যান্ত গরীব ঘরের মেয়ে। তার আরো দুই বোন ঢাকায় এক বস্তিতে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24