২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুন হত্যা: বড় ভাইকেও হত্যার ‘হুমকি’

পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গাজীপুরের ব্যবসায়ী মামুনকে হত্যার পর তার বড় ভাইকেও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

গাজীপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গাজীপুরের ব্যবসায়ী মামুনকে হত্যার পর তার বড় ভাইকেও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামুনের বড় ভাই নাজমুল ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুন হত্যা মামলার আসামি মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হেকিম ফরাজী তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে। হত্যাকা-ের পর চার দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার মূল আসামিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নাজমুল। মঙ্গলবার রাতে পুলিশ বড়গাঁও বাজার থেকে মো. মামুন ভূইয়া (৩২) নামের এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর রাতে সড়কের পাশে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। পুলিশের দাবি, থানায় নিয়ে যাওয়ার পথে রামচন্দ্রপুর এলাকায় মামুনকে ছিনিয়ে নিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। অন্যদিকে পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জের ধরে মোক্তারপুরের ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরণের লোকজন পুলিশের সহযোগিতায় মামুনকে খুন করেছে। হত্যাকা-ের দুই দিন পর বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাজমুল ভূইয়া, যাতে শরীফুল ইসলাম তোরণ ও সাবেক সদস্য হেকিম ফরাজীসহ নয় জনের নাম উল্লেখ করে ১৯ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরে পুলিশ তোরণের ভাই মো. কাওসার সরকার (৩৫) ও মো. ইরান সরকার (৩০) এবং গ্রাম পুলিশের সদস্য শ্যামল সরকার (৩৫) ও শ্রী নিবাস মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করে। বাকি আসামিরা কেউ গ্রেপ্তার না হওয়ার কারণ জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি এনায়েত উদ্দিন বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে হুমকির বিষয়টি নাজমুল আমাদের বলেননি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১১৪২ ঘ.