চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বাজারের কাছে সিএনজি অটো রিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
আহত হয়েছে আরও তিন জন।
শনিবার বেলা সোয়া দুইটার দিকে মহাসড়কের মিরসরাই বাজারের কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটো রিকশার চালক মো. লিটন (৩৫), তার স্ত্রী মোছাম্মৎ নাছিমা (২৭) ও তার ছেলে রায়হান (২)। তিনজনেরই বাড়ি সীতাকুণ্ডের বার আউলিয়ায়।
পুলিশ জানায়, সিএনজি অটো রিকশা চালক লিটন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মিরসরাইয়ের শ্বশুরবাড়ি থেকে সীতাকুণ্ডের বার আউলিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।
আহতরা হলেন- অটো রিকশার যাত্রী রাকিব (৬), বাসযাত্রী আমীর হোসেন (৩০) ও নুরুজ্জামান (৩৫)।
মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালীগামী রেসালাহ পরিবহনের বাসের সঙ্গে মিরসরাই থেকে সীতাকুণ্ডমুখী অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কালি বাড়ি সংলগ্ন পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আহতদের মধ্যে রাকিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকি দুইজনকে মিরসরাইয়ের মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি আটক হলেও দুর্ঘটনার পরপরই এর চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় মিরসরাই থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০০৯ ঘ.
bdnews24